কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন।

আজ (২৩ ফেব্রুয়ারি) রোববার ভোরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন সাগরপাড়ে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম (৩০) উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়া এলাকার হাকিম আলী ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, অবৈধভাবে সাগরপথে মানব পাচারের গোপন সংবাদে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সেখানে পৌঁছালে মানব পাচারকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর মানব পাচারকারীরা পালিয়ে যায়।

ওসি আরও বলেন, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সালামকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৯ রাউন্ড কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমবি