রাজধানীর অন্যতম বড় পাইকারি পণ্যের বাজার কারওয়ান বাজারে হাসিনা মার্কেটে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকানের তালিকা করছে সরকার। আজ সোমবার সকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের কর্মকর্তা নুরুল ইসলাম সকাল ১১টার দিকে হাসিনা মার্কেটে যান। ক্ষতিগ্রস্ত দোকানের নাম ও মালিকের তথ্য সংগ্রহ শুরু করেন।

জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, ‘ক্ষতিগ্রস্ত দোকানের নামের তালিকা করার জন্য এসেছি। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের একটি প্রকল্প থেকে এসবের হিসাব করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করা।’

এর আগে গতকাল রবিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান হাসিনা মার্কেট পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকও এমন আশ্বাস দেন।

পুড়ে যাওয়া এসব দোকানের অধিকাংশই ছিল মসলার আড়ৎ। হলুদ-মরিচ গুঁড়া করার কিছু মিলও ছিল। পাশাপাশি লেপ তোষকের দোকান এবং খাবার দোকান ছিল সেখানে।

রবিবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ের পর কারওয়ান বাজারে জনতা টাওয়ারের পেছনে টিনশেড দোতলা হাসিনা মার্কেটে আগুন লেগে প্রায় ১৮৬ দোকান ক্ষতিগ্রস্ত হয়।

এআই