আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে জিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ৪০জন। রোববার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শনিবার রাতে ক্ষমতাসীন দলের বাবলু মামা গ্রুপের বর্তমান আটঘর চেয়ারম্যান সোহাগ খানের সমর্থক সুজনের সঙ্গে প্রতিপক্ষের সমর্থক নিশান খানের কথা কাটাকাটি হয়। এ নিয়ে রোববার ভোরে উভয়পক্ষ দেশীয় অস্ত্র, ঢাল-সুড়কি, কাতরা-টেঁটা ও ইট-পাটকেল নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।
ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত দফায় দফায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। এসময় প্রতিপক্ষের দোকানপাট, বাড়িঘরসহ প্রায় ২৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়।
এ ঘটনায় গুরুতর আহত হন জিয়া। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সালথা থানার ওসি এ কে এম আমিনুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলেও জানান ওসি।
জেড/কেবি





