রাজধানীর পল্লবীতে পারিবারিক কলহের জেরে এরিয়া আক্তার মুন (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার গভীর রাতে মুমূর্ষু অবস্থায় মুনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে রাজধানীর পল্লবীর একটি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে পল্লবীর ১২ নম্বর সেক্টরের ই ব্লকের বাসায় নিজ রুমে ছিল মুন। সাড়ে ১১টার দিকে অনেক ডাকাডাকি করলেও দরজা খুলছিল না সে।

পরে পল্লবী থানা-পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে রাত পৌনে ১টার দিকে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত মুনকে উদ্ধার করে।

প্রথমে পল্লবী ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি রনি জানান, ঘটনার দিন বাবা বাবুলসহ পরিবারের অন্যদের সঙ্গে মনোমালিন্য হয় মুনের। এরপরই গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে। এর বেশি কিছু জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।

পল্লবী থানার এসআই শহীদুল ইসলাম জানান, মুন কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।

এমকে