খাগড়াছড়িতে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এতে ঘটনাস্থলেই এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জেলা সদরের ভুয়াছড়ি খ্রিস্টানপাড়া কুতুকছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি চাইনিজ সাব-মেশিনগান ও একটি এসএলআরসহ বিপুল পরিমাণ গুলি, সেনাবাহিনীর পোশাক ও চাঁদা আদায়ের রসিদ উদ্ধার করা হয়েছে। 

আইনশৃংখলা বাহিনী সূত্র জানায়, বড় ধরনের সন্ত্রাসী তৎপরতার লক্ষ্যে ইউপিডিএফ সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন অঞ্চল থেকে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জেলা সদর উপজেলার ভুয়াছড়ি ইউনিয়নের অনিকা মেম্বারপাড়ায় জড়ো হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর মহালছড়ি জোনের মেজর ইমতিয়াজ এবং লেফটেন্যান্ট তানজামের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে যায়। সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেনাবাহিনীর ওপর গুলি চালায়।

এ সময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে দু’পক্ষের মধ্যে কিছু সময় গোলাগুলি হয়। এতে ইউপিডিএফের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ সাব-মেশিনগান উদ্ধার করা হয়। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি অব্যাহত রেখেছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।খা

গড়াছড়ি সেনা রিজিয়নের জিএসও-টু (আই) মেজর ফেরদৌস হোসেন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল ওই এলাকা ঘিরে ফেললে সন্ত্রাসীরা গুলি চালাতে শুরু করে। সেনাসদস্যরা পাল্টা গুলি ছুড়তে শুরু করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় এক সন্ত্রাসী নিহত হয়। 

খাগড়াছড়ি সদর থানার এসআই আরেফিন হাসান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

এমবি