চসিক নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনজুর আলম নাশকতায় অর্থ যোগানদাতা বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

শনিবার দুপুরে নগরীর মোমিনরোডস্থ একটি কমিউনিটি সেন্টারে ছাত্রলীগের সেমিনারে অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।

সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘হরতাল অবরোধের নামে চট্টগ্রাম শহর ও আশেপাশের এলাকায় নাশকতা ও পেট্রোলবোমা হামলার ঘটনায় অর্থের যোগান দিয়েছেন মেয়র প্রার্থী মনজুর আলম।’

তিনি আরো বলেন, ‘মনজুর আলম গত ৫ বছর মেয়র পদে অধিষ্ট থেকে চট্টগ্রামকে জলাবদ্ধ শহরে পরিণত করেছেন। পুরো ৫ বছরে তিনি চট্টগ্রাম মহানগরের বাসিন্দাদের কোমর সমান পানিতে ডুবিয়েছেন। তিনি আবার যদি মেয়র নির্বাচিত হন তবে এই শহরের মানুষকে গলা সমান পানিতে ডুবিয়ে মারবেন।’

মেয়র নির্বাচনে ভোট দেয়ার সময় এই বিষয়টি মনে রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘শুক্রবার বিএনপি’র কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ জ ম নাছিরকে ব্যাক্তিগত আক্রমণ করে কথা বলেছেন। প্রকৃত অর্থে আ জ ম নাছির একজন সৎ, ধার্মিক এবং নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী।’

চট্টগ্রামের জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে আ জ ম নাছিরকে নির্বাচিত করতে নগরবাসীর প্রতি আহ্বান জানান সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।

সেমিনারে নগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেআই