বগুড়ায় পুলিশের গুলিতে শহর যুবদল সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা (৪০) আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রোববার রাত পৌনে ২টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের পেছনে এই ঘটনা ঘটে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল হক কলেজ এলাকা থেকে যুবদল নেতা মাসুদ রানাকে গ্রেফতারের সময় তিনি পালোনোর চেষ্টা করেন। এ সময় পুলিশের গুলি তার পায়ে লাগে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি ও ২১টি ককটেল উদ্ধার করা হয়েছে।

তবে তার পরিবারের দাবি, মাসুদ রানা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গভীর রাতে শহরের ছোটকুমারীতে তার আত্মীয় আলমের বাড়ি থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। এ সময় তার কাছে কিছু ছিল না।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল (শজিমেক) ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম জানান, যুবদল নেতা মাসুদ রানার বাঁ পায়ে পাঁচটি গুলির আঘাত লেগেছে। তার চিকিৎসা চলছে।

কেএইচ