পানিতে ডুবে একই সাথে ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে  নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের দক্ষিণ কলমুডাঙ্গা গ্রামের পুড়ইল বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো-কলমুডাঙ্গা গ্রামের শাহ জামানের শিশু কন্যা সুখী (১১) ও তার ছোট বোন নাজমীন আক্তার (৭) এবং পাশের বাড়ির সুলতানের মেয়ে শানজিদা খাতুন (৬)।

পাতাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, বাড়িতে মা-বাবার অনুপস্থিতিতে বিকাল সাড়ে ৫টার দিকে পাশের ওই বিলে তারা গোসল করতে যায়। বাড়িতে ফিরে না আসায় তাদেরকে খোঁজাখুঁজি শুরু করে তাদের পরিবার।

এক পর্যায়ে বিকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের বিলে দুই বোনের লাশ দেখতে পায় গ্রামবাসী। এরপর লোকজন শানজিদাকে খুঁজতে থাকলে একই বিল থেকে তার লাশও উদ্ধার করা হয়।

এ তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে তাদের পিতা-মাতার আর্তনাতে এলাকার আকাশ বাতাস ভারি হয়ে ওঠেছে।

ঢাকা, ১৩ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ