নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আমানউল্লাহ (৩৫) নামে এক পোশাকশ্রমিক বাসচাপায় নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমানউল্লাহ সোনারগাঁওয়ের চৈতি গার্মেন্টসের প্রিন্টিং বিভাগের শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, সকাল ৭টার দিকে ঢাকামুখী স্বদেশ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৪৭৭১) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ের চৈতি গার্মেন্টের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা আমানউল্লাহকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আমানউল্লাহ মারা যান।

পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দেন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের পরে শান্ত করে মহাসড়ক থেকে তুলে দেওয়া হয়। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কেএইচ