কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে আলামত নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহ আলম।

তনু হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে শুক্রবার বিকেলে কুমিল্লা শহরের পূবালী চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এক সমাবেশের আয়োজন করে। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল নগরের প্রধান প্রধান সড়ক ঘুরে আসে।

সমাবেশে কমরেড শাহ আলম আরো বলেন, ‘সেনা নিয়ন্ত্রিত এলাকায় তনুকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে, এ ঘটনা দুঃখজনক। আমাদের সুশৃঙ্খল ও গর্বিত সেনাবাহিনী যাতে বিতর্কিত না হয়, সে বিবেচনায় মামলা তদন্তকারী সংস্থা ঘটনার ধামাচাঁপায় অপরাধীদের সহায়তায় কোনো তদন্ত আমরা মানব না। অপরাধী যেই হোকনা কেন তাকে আইনের আওতায় এনে বিচারহীন সংস্কৃতি থেকে বেড়িয়ে এসে আইনের সুশাসন কায়েম করতে হবে।’

তিনি ক্ষোভের সঙ্গে আরো বলেন, ‘তনু হত্যা বাধাগ্রস্ত করতে তনুর লাশ যেখান থেকে উদ্ধার করা হয়েছে সে স্থানের ঘাস ও মাটি সরিয়ে আলামত নষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, ওই স্থানে চুন দিয়ে প্রলেপ দেয়া হয়েছে যাতে করে আলামতের কোনো নজির না থাকে।’

তিনি বলেন, ‘পুলিশের ছুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্ত দায়সার করায় পুনরায় তনুর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার প্রয়োজন হয়েছে। এসব ঘটনায় তনুর ধর্ষক এবং হত্যাকারীরা প্রভাবশালী কেউ হতে পারে বলে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।’

সমাবেশে সিপিবি কুমিল্লা জেলা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের চট্টগ্রাম জেলা সমন্বয়ক কমরেড মহিন উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক পরেশ কর, সিপিবি কুমিল্লা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মফিজ উদ্দিন আহমেদ, সদস্য কমরেড বিকাশ দেব, সৈয়দ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, বীর মুক্তিযোদ্ধা ডা. খলিলুর রহমান বাঙ্গালী, ডা. সফিকুল ইসলাম, সিপিবি চট্টগ্রাম জেলা কমিটির সদস্য কমরেড রবিউল হাসান রবি, ছাত্রইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান নোবেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় নেতা কমরেড আল কাদেরী জয়, ছাত্রইউনিয়ন কুমিল্লা জেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ প্রমুখ।

এমই