যশোরের ঝিকরগাছায় বাবর আলী ওরফে কাঠু (৭০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে আনারুল ইসলাম (৩৫)। পুলিশ আনারুলকে আটক করেছে।
বুধবার রাত নয়টার দিকে উপজেলার মাঠুয়াপাড়া গ্রামে নিজের বাড়িতে খুন হন ওই বৃদ্ধ। তিনি গদখালী মাঠুয়াপাড়া গ্রামের মৃত শ্যামডোল আলীর ছেলে।
নিহতের ভাই নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, রাতের খাবার শেষে বাবর আলী ঘুমাতে যাচ্ছিলেন। এসময় ছেলে আনারুল তাকে কুপিয়ে হত্যা করে।
স্থানীয় ইউপি মেম্বার রফিকুল ইসলাম ও নিহতের ভাগ্নে নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, বাবর আলী কৃষক ছিলেন। তার ছেলে আনারুল ইসলাম একজন মাদকসেবী। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যে তাকে তিনবার জেলহাজতে দেওয়া হয়েছে। কিন্তু সে মাদকের নেশা ছাড়তে পারেনি। বুধবার দিনগত রাতে আনারুল তার বাবা কাঠুর কাছে নেশার টাকা চায়। টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আনারুল বিচালি কাটা বটি দিয়ে তার ঘাড়ে কোপ মারে। গুরুতর অবস্থায় তকে যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার ওসি আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম জানিয়েছেন, পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মাদকাসক্ত আনারুলকে আটক করা হয়েছে।
তারেক/জারিফ





