গাজীপুরের কালিয়াকৈর থানার নাশকতার মামলায় রিমান্ড শেষে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করলে আদালতের বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, কালিয়াকৈর থানার নাশকতার মামলায় দুই দিনের রিমান্ড শেষে পুলিশ অধ্যাপক এম এ মান্নানকে রোববার দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা খানম শিল্পীর আদালতে হাজির করেন। শুনানি শেষে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গাড়িতে অগ্নিসংযোগের মামলায় পুলিশ অধ্যাপক এম এ মান্নানকে গ্রেপ্তার করে। পরে একই তারিখে টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার (গাড়িতে অগ্নিসংযোগের) পৃথক দুটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

এমই