জামালপুর সদরের বানার ব্রিজ সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে হৃদয় (২২) নামে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকাল পৌনে ৪টায় মৃতদেহ উদ্ধার করা হয়।
হৃদয় জয়রামপুর গ্রামের ফকিরবাড়ীর রতনের ছেলে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে হৃদয়সহ তার তিন বন্ধু মোটরসাইকেলে করে প্রতিবেশী ঢেংগারগড় গ্রামে গিয়ে মদপান করে। বিকাল ৪টার দিকে মাতাল অবস্থায় তারা তিনজনই বানার ব্রিজ এলাকায় ব্রহ্মপুত্র নদের পাইলিংয়ের উপর বসে গিয়ে আড্ডা দেয়। আড্ডার পর সন্ধ্যায় তিনজনের মধ্যে কনক ও নিশাত বাড়ি ফিরলেও হৃদয় আর বাড়ি ফিরেনি।
পরে বিষয়টি সদর থানা পুলিশকে জানানো হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর গ্রামের জুয়েল মিয়ার ছেলে কনক (২০) ও গোলাম মোস্তফার ছেলে নিশাতকে (১৯) গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবুর রহমান মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





