যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, দেশের যুবসমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। যুবকদের নিয়ে গবেষণা তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বুধবার ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত ‘নেক্সট জেনারেশন বাংলাদেশ : ২০১৫ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

গবেষণায় ১৫ থেকে ৩০ বছর বয়সী ৫ হাজার তরুণ ও কিশোরদের মধ্যে এ জরিপ চালানো হয়। এ গবেষণায় তরুণ প্রজন্মের ওপর প্রভাব বিস্তারকারী ৫টি গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করা হয়েছে। বিষয়গুলো হচ্ছে- সরকার ব্যবস্থা, আইন ও আদেশ, শিক্ষা ও কর্মক্ষেত্রের নিশ্চয়তা এবং পরিবেশ ও স্বাস্থ্য।

ব্রিটিশ কাউন্সিল, অ্যাকশন এইড ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস পরিচালিত এ গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নতুন প্রজন্ম দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ চায়। সামাজিক ও রাজনৈতিক সমস্যাগুলো কাটিয়ে দেশকে এগিয়ে নিতে তারা সামনে থেকে নেতৃত্ব দিতে আগ্রহী।

অনুষ্ঠানে বাংলাদেশে সহকারী ব্রিটিশ হাইকমিশনার মার্ক ক্লেটন বিশেষ অতিথি ছিলেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পরিচালক বারবারা উইকহ্যাম, অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির ও ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এমকে