চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় পৃথক অভিযানে ফেনসিডিল-ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। শাহ আমানত সেতু এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. রাসেল (২৩), মো. রানা (২৯), মো. সেলিম (৩৫) ও মো. হোসেন (৩৬)।
সিএমপির বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, আমানত সেতু সংযোগ সড়কের নাহার সিএনজি স্টেশনের সামনে থেকে ৪৯ বোতল ফেনসিডিলসহ রাসেল ও রানাকে আটক করে পুলিশ। মো. রাসেলকে আটকের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে সহযোগী রানাকে বহদ্দারহাট থেকে আটক করা হয়।
নোয়াখালীর সুধারাম পূর্ব লামাচি গ্রামের মো. সিরাজের ছেলে মো. রাসেল ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রাজাবাড়িয়াকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে মো. রানা।
অপর অভিযানে শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকার ফাতেমা হোটেলের সামনে থেকে ৫০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের টেকনাফ থানার হাংকারডেল গ্রামের মৌলভী আফজালুর রহমানের ছেলে মো. সেলিম ও একই এলাকার লাল মোহাম্মদের ছেলে মো. হোসেনকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।
জেআই





