রাজশাহী সিটি কর্পোরেশনের নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের অধীনে ১০ জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিবন্ধীদের সেলাই মেশিন দেওয়া হয়েছে।

গতকাল এ উপলক্ষে নগরভবন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল প্রধান অতিথি ছিলেন। তিনি প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

মেয়র বলেন, মহানগরীর প্রকৃত হতদরিদ্র প্রতিন্ধীদের সহায়তা প্রদানের অংশ হিসেবে এ সেলাই মেশিন প্রদান করা হচ্ছে। যাতে করে তারা কর্মের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন। প্রকৃত ব্যক্তিরা যেন এ সহায়তা পান সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের তিনি নির্দেশনা দেন। উল্লেখ্য, প্রকল্পের ১ ও ২ নম্বর ওয়ার্ডের লালপোলাপ ক্লাস্টারের ১০ জন প্রতিবন্ধী এই সেলাই মেশিন পেলেন।

মেয়র বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্তমান পরিষদ প্রতিবন্ধীকল্যাণ ও উন্নয়ন স্থায়ী কমিটি গঠন করে তাদের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে।

ভবিষ্যতে প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে পাইলট প্রকল্প তৈরি করা হবে। ২৪ নম্বর ওয়ার্ডে শহীদ সৈইজুদ্দিন রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়টিকে ৪তলা ভবনে উন্নীত করে প্রথম তলায় প্রাক-প্রাথমিক শিক্ষাকেন্দ্র ও অন্যান্য তলায় হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা রয়েছে, যাতে করে হতদরিদ্র মহিলারা বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করে কর্মের সুযোগ পান।

প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মাহবুব সাইদ টুকু, সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা বেগম মিলি, সচিব একেএম মাসুদ্জ্জুামান, প্রধান রাজস্ব কর্মকর্তা সৈয়দা জেবিন নিছা সুলতানা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার মাহবুবুর রহমান, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রকল্পের টাউন ম্যানেজার মাহবুবুল আলম ও ফেডারেশনের সদস্যগণ।

ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ