স্বীকৃতপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো টানা অবস্থান কর্মসূচি পালন করছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) থেকে সেখানে অবস্থান করছেন তারা।
কর্মসূচি পালনকালে শিক্ষক নেতারা বলেন, গতকাল থেকে আমরা অবস্থান করছি। প্রচন্ড এই শীতের রাতেও আমাদের শিক্ষকরা অবস্থান করেছিলেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। বাড়ি ফিরে যাবো না।
বারবার রাজপথে বসেছি কিন্তু আজও আমাদের দাবি আদায় হয়নি উল্লেখ করে তারা বলেন, অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আমরা আবারও রাজপথ বেছে নিতে বাধ্য হয়েছি।
ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলারের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায়সহ সারা দেশ থেকে আসা নন-এমপিও শিক্ষকরা অংশ নিয়েছেন।





