আসন্ন ২০১৫ হজ্জ উপলক্ষে হজ্জ যাত্রীদের মোয়াল্লেম ফির সাথে টিকিটের টাকা অন্তর্ভূক্ত না করে রেজিষ্ট্রেশন করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে(ডিআরইউ) হাবের এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে হাব এর সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার বলেন, গত ৮ ডিসেম্বর ২০১৪ তারিখে ধর্ম মন্ত্রণালয় মোয়াল্লেম ফির সাথে টিকেটের অর্থ বাবদ ১ লক্ষ ২০ হাজার টাকা অন্তর্ভূক্ত করে হজ্জ যাত্রী নিবন্ধনের নির্দেশনা প্রদান করে। যেখানে টিকেটের টাকা সরকারি খাতে জমা দেয়ার কথা বলা হয়েছে।
তিনি বলেন, টিকেটের টাকা সরকারি খাতে জমা নেয়ার ফলে যে সকল সমস্যার উদ্ভব হয়েছে তা হল-
১। টিকেটের টাকা ধর্ম মন্ত্রণালয় গ্রহণ করলে কিভাবে তা এজেন্টদের ফেরত দেয়া হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই
২। এয়ারলাইন্সের বিনামূল্যে টিকেটের হজ্জ যাত্রী ও অপ্রাপ্ত বয়স্কদের টিকেট কি নিয়মে কাটতে হবে তার দিক নির্দেশনা দেয়া হয়নি
৩। ফ্লাইট সিডিউল কিভাবে করা হবে, এয়ারলাইন্স কে পছন্দ করবে এবং কোনো হজ্জ যাত্রী মার গেলে কিংবা যেতে না পারলে জমাকৃত অর্থ কিভাবে ফেরত পাওয়া যাবে তা স্পষ্ট করা হয় নি
৪। টিকেটের অর্থ সরকারের একাউন্টে গেলে সৌদি সরকারের এজেন্ট কর্তৃক নির্ধারিত হাজীদের সুচি মোতাবেক মক্কা-মদিনায় আনা-নেয়ার কাজ ব্যাহত হবে।
এই সমস্যাগুলো বিবেচনা করে মোয়াল্লেম ফির সাথে টিকেটের টাকা অন্তর্ভূক্ত না করে শধু মোয়াল্লেম ফি গ্রহণ করে রেজিষ্ট্রেশন করার অনুমতি দেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
একই সাথে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কথা বিবেচনা করে হজ্জ যাত্রী রেজিষ্ট্রেশনের সময় বাড়ানোরও আবেদন জানান তিনি।
এসময় তিনি বলেন, হাব কর্তৃক দাবিগুলো মেনে না নেয়া হলে সকল হজ্জ এজেন্সী হজ্জ কার্যক্রম থেকে বিরত থাকার পাশাপাশি হজ্জ লাইসেন্স সারেন্ডার করবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, হাব এর মহাসচিব শেখ আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম খান প্রমুখ।
এসএইচ





