কিশোরগঞ্জে তাজুল ইসলাম নামে এক ভ্যানগাড়ি চালককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শাওন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ১০টার দিকে জেলা পৌর শহরের আরজত আতরজান স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তাজুল শহরের মনিপুরঘাট কাটাকালি এলাকার আলাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক তাজুল ইসলাম রাতে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে অন্ধকারে যাবার সময় গাড়ি শাওনের পায়ে লেগে যায়। এসময় শাওনের সাথে তাজুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সঙ্গে থাকা ছুরি দিয়ে তাজুলের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাজুলকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা এ সময় শাওনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে শাওনকে আটক করে পুলিশ।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কেএইচ





