ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপরে হবে আরেকটি ‘উড়াল সড়ক’ (এক্সপ্রেসওয়ে)। এ বৃহৎটিও আশার আলো দেখছে। ‘ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে’ শীর্ষক প্রকল্পের প্রাথমিক উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (পিডিপিপি) নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
এ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ২১৭ দশমিক ৭০ কিলোমিটার সড়কের ওপরে ৬ লেনের এক্সেস কন্ট্রোল্ড হাইওয়ে নির্মাণের মাধ্যমে নিরাপদ ও নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করা হবে।
এছাড়া সার্ভিস রোড, মেঘনা ও গোমতী সেতুর ওপরে বৃহৎ সেতু নির্মাণ, ৭টি ইন্টারচেঞ্জ, তিনটি সার্ভিস স্টেশন, ৬৪টি ওভারপাস, ৪৪টি ভেহিক্যাল আন্ডারপাস, চারটি মিডিয়াম সেতু এবং ২৮টি ছোট সেতু নির্মাণ করা হবে।
ঢাকার সঙ্গে দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে উড়াল সড়ক (এক্সপ্রেসওয়ে) নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বছরের ০৬ অক্টোবর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছিলেন।
চট্টগ্রাম মহাসড়কের চারলেনের ওপর দিয়ে এই এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। ঢাকা থেকে এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে চট্টগ্রামে গিয়ে নামতে হবে।
২১৭ কিলোমিটার দীর্ঘ এ এক্সপ্রেসওয়ের অন্য কোথাও থামা যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনার পর পরই সড়ক বিভাগ ও পরিকল্পনা মন্ত্রণালয় কাজ শুরু করে দিয়েছে।
সড়ক ও মহাসড়ক বিভাগ সূত্র জানায়, প্রস্তাবিত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২৮ হাজার ১৮৭ কোটি ৯০ লাখ টাকা। প্রকল্পের মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত।
সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফারুক জলিল জানান, প্রাথমিকভাবে প্রকল্পের প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রণালয়ও নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত প্রকল্পটি দেখভাল করার জন্য দ্রুততম সময়ে একজন প্রকল্প পরিচালককে নিয়োগ দেওয়া হবে।
এসএম





