তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, আমাদের অনুসন্ধান, তদন্ত অনুযায়ী দিনাজপুরে কয়লা গায়েবের ঘটনার সঙ্গে মন্ত্রী-উপদেষ্টারাও জড়িত। তিনি আরও বলেন, পুরো মন্ত্রণালয়ই এখন অনিয়ম-দুর্নীতির কেন্দ্র এবং দায়মুক্তি আইন দিয়ে তাদের রক্ষা করা হচ্ছে।  এ জন্য এই আইন বাতিলেরও দাবি জানিয়েছেন তিনি ।

আজ  (২৬ আগস্ট) ফুলবাড়ী দিবস উপলক্ষে দিনাজপুরের নিমতলা মোড়ে আনু মুহাম্মদ এইসব কথা বলেন।

পুরো মন্ত্রণালয়ই এখন দুর্নীতিগ্রস্ত এমন অভিযোগ করে আনু মুহাম্মদ বলেন, “জনগণ তাদের দায়মুক্তি কেন দেবে? এবং তাদের বিচার না হওয়ার কারণে তাদের দায়মুক্তি দেওয়ার কারণেই এই যে একের পর এক অনিয়ম প্রকাশিত হচ্ছে, যার শিকার হচ্ছে বাংলাদেশের মানুষ।বড়পুকুরিয়ায় কয়লা লুণ্ঠন হয়েছে। যে পরিমাণ কয়লা লুট হয়েছে, তা পাচার করতে প্রায় ১৪ হাজার ট্রাকের দরকার বিশাল সাইজের। বিশাল সাইজের ট্রাকের দরকার। এই পরিমাণ দুর্নীতি বছরের পর বছর হচ্ছে।

আনু মুহাম্মদ বলেন, “দুর্নীতি কেন হতে পারল? হতে পারল এই জন্য, পুরো মন্ত্রণালয়ই এখন অনিয়ম-দুর্নীতির কেন্দ্র এবং দায়মুক্তি আইন দিয়ে তাদের রক্ষা করা হচ্ছে। সে জন্য আমরা এই ফুলবাড়ী দিবসদের এক যুগ উপলক্ষে দায়মুক্তি আইন বাতিলেরও দাবি।”

নিজেদের তদন্ত অনুযায়ী জাতীয় কমিটি এই ঘটনায় মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা পেয়েছে জানিয়েছে আনু মুহাম্মদ বলেন, “এখান থেকে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দল, তারা আলাদা আলাদাভাবে কর্মসূচি নিয়েছে। জাতীয় কমিটিরও কর্মসূচি নেওয়া হয়েছিল এবং সামনে আমাদের আরও কর্মসূচি আছে। এটা আমরা ঢাকায় কেন্দ্রীয়ভাবে কর্মসূচি করে সরকারের কাছে দাবি জানিয়েছি যে এটার সঙ্গে আমাদের অনুসন্ধান অনুযায়ী, আমাদের তদন্ত অনুযায়ী এর সঙ্গে মন্ত্রী-উপদেষ্টারাও জড়িত।”

“তাঁদেরও হিসাবে এনে তদন্ত করতে হবে এবং শ্বেতপত্র প্রকাশ করতে হবে। যদি সরকার এঁদের বিচারের ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ গ্রহণ না করে, যদি তদন্ত কমিটির নামে অতীতের মতো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে জাতীয় কমিটি দেশের নাগরিকদের নিয়ে গণআদালতের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে জনগণের কাছে হাজির করবে।”

এর আগে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নিমতলা মোড়ে জমায়েত, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। শেষে নিমতলা মোড়ে এক সমাবেশ করা হয়।

বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনু মোহাম্মদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি উপস্থিত ছিলেন।

এমবি