খাগড়াছড়ির দীঘিনালায় বিএনপি নেতা বাদল খাঁকে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ৪ আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন-নাসির পিসি, নাসির হোসেন, মো. সিদ্দিক ও আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মো. নোমানের আদালতে পুলিশ আসামিদের পাঁচদিন করে রিমান্ড আবেদন জানান। আদালত দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে দীঘিনালা মধ্যবোয়ালখালী এলাকায় নিজ বাসা থেকে বিএনপি নেতা বাদল খাঁ’র জবাই করা লাশ ও তার স্ত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। কুলসুম বিবিকে প্রথমে দীঘিনালা এবং পরে খাগড়াছড়ি হাসাপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহত বাদল খাঁ’র শ্যালক আবু বক্কর সিদ্দিক অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়ন ময় ত্রিপুরা জানান, কুলসুম বিবির দুই দিন পর জ্ঞান ফিরেছে।
তবে মামলার তদন্ত কর্মকর্তা মো. ফয়জুল করিম জানান, জ্ঞান ফিরলেও এখনো তিনি স্বাভাবিক হননি। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাছাকাছি পৌঁছেছে।
এমএনজে





