গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার সন্ধ্যায় পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ নির্দেশনা পাঠিয়েছেন সংস্থাটির উপ-সচিব মো. সামসুল আলম।

তিনি বলেন, কাশিয়ানী থানার ওসিকে প্রত্যাহারের জন্য আইজিপিকে নির্দেশনা পাঠানো হয়েছে। মনিরুল ইসলামের বিরুদ্ধে সরকার দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ সত্য প্রমাণ হওয়ায় নির্বাচন কমিশন এমন নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে তাকে সরিয়ে দ্রুতই একজন উপযুক্ত ওসিকে সেখানে পদায়ন করতেও আইজিপিকে বলা হয়েছে।

কাশিয়ানীতে আগামী ২৩ এপ্রিল তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দেশের সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। আগামী ২৩ এপ্রিল হবে তৃতীয় ধাপের ভোট। চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে আগামী ৭ মে। এরপর পঞ্চম ও ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে আগামী ৪ জুন ইউপি নির্বাচন সম্পন্ন হবে।

এম আর