আমে ফরমালিন ব্যবহারের মিথ্যা অভিযোগে হয়রানি ও অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলার আমচাষী ও আম ব্যবসায়ীরা।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে বুধবার দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক আব্দুল ওহেদ।

তিনি বলেন, ‘দেশের সিংহভাগ আম চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত হয়ে থাকে। এখানে উৎপাদিত আম রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। কিন্তু এ বছর ফরমালিন পরীক্ষার অজুহাতে আইন প্রয়োগকারী সংস্থা ও ভ্রম্যমাণ আদালতের নামে পথে পথে হয়রানি ও চাঁদাবাজির শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আম ব্যবসায়ীরা।

আমে ফরমালিন ব্যবহার করা হয় না দাবি করে আব্দুল ওহেদ বলেন, ‘বিষয়টি প্রশাসনসহ সরকারের বিভিন্ন মহলে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনও সুরাহা হয়নি।

সংবাদ সম্মেলন থেকে বৃহস্পতিবার জেলার সকল আম বাগানে আম সংগ্রহ বন্ধ করে সকাল ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়।

এছাড়া শনিবারের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্নস্থানে আম পরিবহনের সময় ফরমালিন ব্যবহারের অভিযোগে আম নষ্ট, হয়রানি ও চাঁদাবাজি বন্ধ না হলে রবিবার জেলায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল আ করা হয়।

সংবাদ সম্মেলনে কানসাট আম ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, রহনপুর আম আড়ৎদার সমিতির সভাপতি হুমায়ন কবির বাবু, নবাবগঞ্জ আম ব্যবসায়ী বহুমুখি সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসলাম, গোমস্তাপুর উপজেলা আমচাষী, আম ব্যবসায়ী সমিতির সভাপতি মাইনুল ইসলাম বিশ্বাস ও কানসাট বাজার আম ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তালেব উপস্থিত ছিলেন।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই