রাজধানীর কাওরানবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ শতাধিক ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় ট্রেড লাইসেন্স ছাড়া ও নোংরা পরিবেশে খাবার বিক্রির দায়ে ৪ দোকান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে রাস্তা দখল করে মালামাল বিক্রি করায় এক সাইকেল দোকানির ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান চলে। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবাদত হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন।
ইবাদত হোসেন বলেন, ‘অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে দোকান বসায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে। তাই আমরা কাওরানবাজার থেকে সরকারি বিজ্ঞান কলেজ হয়ে কাঁচাবাজার পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক দোকান উচ্ছেদ করেছি। এ সময় নোংরা পরিবেশে খাবার বিক্রি করায় ৪ দোকানদারকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
রাস্তা দখল করে সাইকেল ও সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ বিক্রি করার দায়ে আরো এক দোকানির ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইবাদত হোসেন।
জেআই





