লক্ষ্মীপুর সদর উপজেলায় রাইসা নামে দশ মাসের একটি শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মা ইয়াছমিন আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইয়াছমিনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।  

রোববার (২৬ জুন) সকালে উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু রাইসা ওই গ্রামের আবুল খায়েরের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়,আবুল খায়েরের স্ত্রী ইয়াছমিন আক্তার দীর্ঘদিন ধরে পরকিয়ায় আসক্ত। এ নিয়ে স্বামী আবুল খায়েরের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো তার। শনিবার (২৫ জুন) রাতে তার স্বামী বাড়ি ছিলেন না। স্থানীয়দের ধারণা এরই জের ধরে রাতে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেয় ইয়াছমিন।

স্থানীয়রা আরও জানায়, ভোরে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে চিৎকার করতে থাকে ইয়াছমিন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তখন ইয়াছমিনকে পিটুনি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, ইয়াছমিনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে। এরপর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওএফ