প্রতিমা বিসর্জনে যাওয়া বহরে হামলার জের ধরে রাজশাহীর তানোরে দুই পূজা মন্ডপের লোকজনের মধ্যে সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল ৪টায় উপজেলার শিবতলা কেন্দ্রীয় মন্দির ও গোল্লাপাড়া বাজার মন্দিরের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শিবতলা কেন্দ্রীয় মন্দির পক্ষের সাগর কুমার অধিকারী, সুজন দাস, সম্রাট, প্রদীপ বিশ্বনাথসহ কমপক্ষে আরো ১৫ জন রয়েছেন।  

অন্যদিকে, নিদুল কুমার ঘোষ, বাঁধন বিশ্বাস, পঙ্কজ হালদার, সুখেন হালদার, পলাশ কুমার, শিমুল কুমারসহ গোল্লাপাড়া বাজার মন্দির পক্ষের আহত হয়েছেন ২০ জন। তাৎক্ষকিভাবে বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে তানোর উপজেলার নির্বাহী অফিসার মুনীরুজ্জামান ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোল্লাপাড়া বাজার মন্দিরের লোকজন প্রতিমা বিসর্জন দেয়ার জন্য যাচ্ছিলেন। এ সময় মাতাল অবস্থায় থাকা পাশের শিবতলা কেন্দ্রীয় মন্দিরের লোকজন তাদের লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে গোল্লাপাড়া বাজার মন্দিরের প্রতিমা বিসর্জন দিতে যাওয়া কালু হাওলাদারের মাথায় আঘাত লেগে আহত হন।

ওই ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। আহতদের তানোর কেন্দ্রীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় তানোর বাজারে ফুটপাতে অবস্থিত চটপটি, চা ও ডিম বিক্রি করার দোকানসহ পাঁচটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনা শুরুর পরপরই তানোর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। প্রায় আধাঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এছাড়া সহিংসতা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নেয়া হবে।