পাবনায় গোপন বৈঠক করা সময় জামায়াতের অঙ্গ সংগঠন ইসালামী ছাত্রী সংস্থার ১৩ সদস্যসহ এক মাদ্রাসা অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর মনসুরাবাদ আবাসিক এলাকা থেকে পাবনা থানা পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক জিহাদী বইপত্র জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, পাবনা শহরতলীর মনসুরাবাদ আবাসিক এলাকার ৫ নম্বর সড়কের ১১৯ নং বাড়িটির মালিক সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন।
দ্বিতল এ বাড়ির নিচ তলায় জামায়াতের নারী সদস্যদের আস্তানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত ৯টার দিকে বাড়িটি ঘিরে ফেলে এবং সেখান থেকে বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৩ নারী সদস্যসহ বাড়ির মালিক অধ্যক্ষ আনোয়ার হোসেনকে আটক করে। ওই আস্তানা থেকে জিহাদী বই উদ্ধার করা হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইবনে মিজান বলেন, আটকদের পাবনা থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তদন্ত করে বিস্তারিত তথ্য উদঘাটন করা হবে।
এএস





