দিনাজপুরের বীরগঞ্জে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা।

আহত ব্যবসায়ীরা হলেন মো. শাহজাহান আলী (২৯) এবং মো. শাহ জামাল (২৮)।

আহত শাহজাহান উপজেলার ভগিরপাড়া গ্রামের মো. আফতাব উদ্দিনের ছেলে এবং শাহ জামাল একই এলাকার জোতরঘু গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।

শুক্রবার রাত সাড়ে ১১টায় উপজেলার মোহনপুর ইউনিয়নের বীরগঞ্জ-দেবীগঞ্জ সড়কের বড় করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মজিদুল ইসলাম মাস্টার জানান, শাহজাহান ও শাহ জামাল নামে দুই ব্যবসায়ী শুক্রবার রাত সাড়ে ১১টায় খানসামা উপজেলায় ভুট্টা বিক্রয় করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বীরগঞ্জ-দেবীগঞ্জ সড়কের বড় করিমপুর বাহারের বাঁশবাগানে এলে একদল ছিনতাইকারী রশি দিয়ে তাদের গতিরোধ করে। এ সময় মোটরসাইকেলটি কেড়ে নেওয়ার সময় শাহজাহান ও শাহ জামাল বাধা দেন। এতে ছিনতাইকারীরা মোটরসাইকেল আরোহী দুইজনকে কুপিয়ে আহত করে।

আহতদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। এর আগে ছিনতাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের ধাওয়া দিলে ছিনতাইকারীরা উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী নামক এলাকায় মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরিবারের লোকজন রাতেই আহত অবস্থায় দুইজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

কেএইচ