ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় আহত দুই মাদ্রাসার ছাত্রী শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকালে তারা দু্‌র্ঘটনায় পড়েন।

মাদ্রাসার দুই ছাত্রী হলেন- ত্রিশাল আব্বাসিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী নিপা (১৬) ও নবম শ্রেণীর নাদিয়া (১৫)। শুক্রবার সকালে কোচিংয়ে যাওয়া উদ্দেশে তারা বাসা থেকে বের হন। পায়ে হেঁটে তারা ত্রিশাল সদরে যাচ্ছিলেন।

নিপা ত্রিশাল পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিয়ামত আলী খানের মেয়ে। নাদিয়া কোনাবাড়ি এলাকার বাসিন্দা হলেও তার বাবার নাম জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নিপা, নাদিয়াসহ কয়েক ছাত্রী হেঁটে সদরে কোচিংয়ের উদ্দেশে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নওধারে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে নিপা মারা যান। আশঙ্কাজনক অবস্থায় নাদিয়াকে ঢাকায় স্থানান্তর করা হলে দুপুর দেড়টার দিকে তিনিও মারা যান।

ওই ঘটনায় ট্রাক জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান ওসি মনিরুজ্জামান।

জেআই