লক্ষ্মীপুরের রায়পুরে ছিনতাইকালে মনির (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন। এসময় তিনি নিজেকে ডিবি পুলিশ বলে পরিচয় দেন। তবে তা পরে ভুয়া বলে প্রমাণিত হয়।
শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে পৌর শহরের মধুপুর গ্রামের মুন্সী বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। মনির একই এলাকার মৃত আব্দুল বর ড্রাইভারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে শায়েস্তানগর গ্রামের তছলিমের ছেলে সুমন ওই সড়ক দিয়ে রায়পুর বাজারে আসছে। এসময় মধুপুর গ্রামের মুন্সী বাড়ি সামনে পৌঁছালে মনিরসহ তিন যুবক ডিবি পুলিশ পরিচয় সুমনকে আটক করে।
এসময় তার শরীর তল্লাশি চালিয়ে নগদ ২ হাজার ৫শ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে সুমন ছিনতাইকারী বলে চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে এসে মনিরকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।
রায়পুর থানার উপ-পরির্দশক (এসআই) হারুনুর রশিদ বলেন, ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী মনিরকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দু’জন পালিয়ে গেছে। তবে তাদের আটকের চেষ্টা চলছে।
এমই





