সিরাজগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ (১০ মার্চ) মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুর অঞ্চলের চিরিরবন্দর উপজেলার গলাহার গ্রামের আব্দুর রহমানের ছেলে হাসিনুর রহমান ও একই গ্রামের কামরুজ্জামানের ছেলে মিরাজ উদ্দিন (২২)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দীন বলেন, হাসিনুর রহমান মোটরসাইকেলে করে ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিলেন। পথে সোমবার (০৯ মার্চ) রাতে তিনি সয়দাবাদ এলাকায় মেরিন ইনস্টিটিউটের ছাত্র মিরাজ উদ্দিনের সঙ্গে তার ম্যাচে রাত যাপন করেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোরে মিরাজকে সঙ্গে নিয়ে দিনাজপুরের উদ্দেশে রওনা হন হাসিনুর। তারা ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান হাসিনুর রহমান।

পুলিশ গুরুতর আহত অবস্থায় মিরাজ উদ্দিনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমবি