নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী আবুল বাশার হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বুধবার জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন এ কথা জানান।
তিনি জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ছিল এবং কীভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এই বিবরণ দিয়েছেন আবুল বাশার।
আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনি রূপমের আদালতে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি শেষে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দক্ষিণ গোলাকান্দাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবুল বাশার সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক।
আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, ৭ খুনের ঘটনায় ইতিমধ্যে কয়েকজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নূর হোসেনের সহযোগী বাশারের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা বলেছেন।
আজ বাশার নিজেও সাত খুনের ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের কাছ থেকে পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর সাতজনেরই মরদেহ শীতলক্ষ্যা নদীতে পাওয়া যায়।
হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ও বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তাসহ ২০ জন।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী ও সাক্ষী হিসেবে র্যাবের ১৪ সদস্যসহ ১৯ জন আদালতে জবানবন্দি দিয়েছেন।
এসএইচ





