রাজধানীর কাওরানবাজারে নির্মাণাধীন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ভবনের পাইলিং ধসের ঘটনায় বর্তমানে যে পরিমান বালু ফেলা হয়েছে তাতে ২৫ ভাগ শঙ্কা মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
তবে বৃহস্পতিবার বিকাল নাগাদ ১শ ভাগ শঙ্কা মুক্ত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মেয়র।
দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শনে এসে বুধবার রাত ১১টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ইতিমধ্যে ধসে যাওয়া স্থানে ২৫০ থেকে ৩০০ ট্রাক বালু ফেলা হয়েছে। রাতের মধ্যে আরও অন্তত ৫০০ ট্রাক বালু ফেলা হবে।
তিনি বলেন, এখন কাউকে দোষ দেওয়া ঠিক হবে না। প্রাথমিকভাবে ঝুঁকি থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে। পরে ঘটনায় দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত কয়েক দফা ধসে সুন্দরবন হোটেলের পাশের রাস্তাটি ছাড়াও কয়েকটি অস্থায়ী দোকানও পড়ে যায় গর্তটিতে। এছাড়া হোটেলটির বেজমেন্টের মাটি সরে গিয়ে একটি অংশ ভেঙ্গে যায়।
বর্তমানে ভবনটি অত্যন্ত ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা। তবে বালুর বস্তা ফেলে ঝুঁকি মুক্ত করার চেষ্টা চলছে।
এএইচ





