বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড হালনাগাদ (আপডেট) করা হয়েছে। শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপন করা হবে।
হালনাগাদ বিল্ডিং কোডের কিছু অংশ বাস্তবায়নে আইনও করা হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ বিল্ডিং কোড হালনাগাদ সংক্রান্ত সেমিনারে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ তথ্য দেন।
রাজধানীর হোটেল রূপসী বাংলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
১৯৯৩ সালে জাতীয় বিল্ডিং কোড তৈরির পর বার বার হালনাগাদের কথা হলেও তা সম্ভব হয়নি। অবশেষে হাউজিং অ্যান্ড বিল্ডিং রিচার্স ইনস্টিটিউট বিল্ডিং কোড আপডেট করেন।
কয়েক দিনের মধ্যে হালনাগাদ বিল্ডিং কোডটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে উল্লেখ করা হয় সেমিনারে। এরপর প্রশাসনিক মন্ত্রণালয় বিল্ডিং কোডটি মন্ত্রিসভায় উপস্থান করবে।
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিচার্স ইনস্টিটিউটকে ধন্যবাদ জানিয়ে সেমিনারে মন্ত্রী বলেন, বিল্ডিং কোড অথবা ড্যাপ কোনোটাই বাইবেল নয়। তাই যুগোপযোগী করতে বিশেষজ্ঞদের মতামত নিয়ে আপডেট হতে পারে।
উদাহরণ টেনে মন্ত্রী বলেন, ড্যাপ যারা করেছিলেন, তারা আমাকে জানিয়েছেন কিছু ত্রুটি রয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, আপডেট বিল্ডিংকোড অনুমোদনের জন্য মন্ত্রিসভায় যাবে।
তিনি বলেন, যে অংশ বাস্তবায়নের জন্য আইন করা প্রয়োজন, তা করতে আইনের খসড়া করে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠাবো। মন্ত্রিসভার অনুমোদনের পর জাতীয় সংসদে পাসের জন্য পাঠানো হবে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





