কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠ ভোট নিয়ে আশংকা প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন স্বপন। তিনি বলেন, মাঠপর্যায়ে ভোটারদের মাঝেও নানা শংকা বিরাজ করছে। সুষ্ঠ ভোটের মাধ্যমে যে ফলাফল আসবে তাই মেনে নেব। এজন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন তিনি।

বুধবার বেলা ১১টার দিকে নগরীর ধর্মসাগরের পশ্চিমপাড়স্থ প্রার্থীর বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন। এসময় ওই প্রার্থীর অনুসারীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জেলা পরিষদ নির্বাচনে দল (আওয়ামী লীগ) কাউকে মনোনয়ন দেয়নি। দল থেকে যাকে (আবু তাহের) সমর্থন দেয়ার কথা বলা হচ্ছে তাকে জনপ্রতিনিধি (ভোটার) বা দলের অনেকে চেনেন না। আমি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে ৩ যুগ ধরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে কাজ করে আসছি। কিন্তু ওই প্রার্থী বলেছেন তিনি না-কি আমাকে চেনেন না। আসলে আমিও কখনো দলের কর্মকান্ডে তাকে দেখিনি বা চিনতাম না।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, এ নির্বাচন সম্পূর্ণ নির্দলীয় ও নিরপেক্ষ। প্রতিদ্বন্দ্বিতাতামূলক নির্বাচনের জন্য দলের নির্দেশনা রয়েছে। বেশিরভাগ ভোটার ও দলের তৃণমূলের নেতা-কর্মীদের দাবি ও সমর্থনের কারণে আমি প্রার্থী হয়েছি। আমিতো আওয়ামী লীগেরই প্রার্থী। দয়া করে আমাকে বিদ্রোহী প্রার্থী বলবেন না।

রাসেল/জারিফ