বাংলা নববর্ষ উপলক্ষে দিনভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও রাতের ঢাকা ছিলো একেবারেই ফাঁকা। তবে কুটনৈতিক এলাকা হওয়ায় গুলশানে প্রবেশের প্রতিটি পয়েন্ট ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনগত রাত ৩টায় রাজধানী ঘুরে এমন দৃশ্যই চোখে পড়লো।

প্রতিটি গাড়ি অত্যাধুনিক মেশিন দিয়ে চেক করা হচ্ছিল। এই এলাকায় লাগানো হয়েছে বিশেষ ক্লোজ সার্কিট টেলিভিশিন ক্যামেরা বা সিসিটিভি। ফলে যে কোনো এলাকা থেকে গুলশানে প্রবেশ করতে মুখোমুখি হতে হবে একাধিক চেকপোস্টের।

বনানী চেকপোস্টে দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান জানান, গুলশান এলাকা অত্যন্ত সেনসিটিভ এলাকা। তাই এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়া গুলশান-২ চেকপোস্টেও প্রতিটি গাড়িকে চেক করতে দেখা গেছে।

উল্লেখ্য, পহেলা বৈশাখকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা না ঘটে সেজন্য সপ্তাহ খানেক আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এ অবস্থা আরো দুই/একদিন থাকবে।

এসটি