বাঘ ও প্রকৃতি রক্ষায় প্রধানমন্ত্রীকে সুন্দরবনধ্বংসী প্রকল্প বাতিলের আহবান জানিয়েছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

সোমবার সকালে এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, বাঘ বাঁচায় সুন্দরবন, সুন্দরবন বাঁচায় বাংলাদেশ।কিন্তু তিনি এ কথাটি উহ্য রাখছেন যে, বাংলাদেশকে বাঁচায় যে সুন্দরবন তাকেই এই সরকার দেশী-বিদেশী লুণ্ঠনকারী মুনাফাখোর ও দখলদারদের হাতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছেন।’

প্রকৌশলী শহীদুল্লাহ ও আনু মুহাম্মদ বলেন, ‘নির্মম পরিহাসের বিষয় যে, সরকার একদিকে বাংলাদেশের একমাত্র আবাসস্থল সুন্দরবনের ধ্বংস নিশ্চিত করার মতো দূরত্বে একাধিক কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করছে ও অনুমতি দিচ্ছে; অন্যদিকে বাঘ আর সুন্দরবন বাঁচানোর গুরুত্বের কথা বলে আন্তর্জাতিক বাঘ সম্মেলন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তারা আরও বলেন, ‘সুন্দরবনধ্বংসী তৎপরতার বিরুদ্ধে আন্তর্জাতিক মহলেরও সোচ্চার হওয়া উচিত।কেননা সুন্দরবন শুধু বাংলাদেশের নয় বিশ্বেরও অমূল্য সম্পদ, যা পৃথিবীতে একটিই আছে।এটি ধ্বংস হলে আর একটি সুন্দরবন তৈরির ক্ষমতা মানুষের নেই।’

বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির শীর্ষ দুই কর্তা ব্যক্তি বলেন, ‘সুন্দরবন রক্ষায় প্রধানমন্ত্রীর আহ্বান যদি প্রতারণামূলক না হয় তাহলে তিনি অবিলম্বে সুন্দরবনধ্বংসী রামপাল এবং ওরিয়নের বিদ্যুৎকেন্দ্র বাতিল ঘোষণা করবেন।’

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর