জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে বুধবার সকালে ঢাকা ছেড়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ পথযাত্রায় লন্ডনে বিরতি গ্রহণ করছেন তিনি। স্থানীয় সময় বুধবার বিকাল ৩টা ২০মিনিটে বিমানের একটি বিশেষ ফ্লাইটে হিথ্রোতে পৌঁছান শেখ হাসিনা।
সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বর্তমানে লন্ডনে অবস্থানরত জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক ও হাইকমিশনের মিনিস্টার প্রেস নাদিম কাদির প্রমুখ। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাও বোনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিমান বন্দরে।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ব্রিটিশ এয়ার ওয়েজের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে লন্ডনের হিথ্রো ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী, তার প্রেস সেক্রেটারি এহসানুল করিম প্রমুখ সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে ঈদুল আজহা উদযাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ২৫ সেপ্টেম্বর থেকে যোগ দেবেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে। সেখানে ব্যস্ত সময় কাটাবেন টানা ছয়দিন। ১ অক্টোবর নিউইয়র্ক ছেড়ে স্থানীয় সময় ২ অক্টোবর লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে ৩ অক্টোবর দেশে ফিরে সিলেট হয়ে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
এআর





