ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করলে, সর্বোচ্চ শাস্তি এক বছরের কারাদন্ড প্রদান করা হবে। এটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম।
তার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ছাদে ভ্রমণকারী এবং ভ্রমণে উৎসাহ ও সহযোগিতা প্রদানকারী সবাই সমান অপরাধী। ১৮৯০ সালের রেলওয়ে আইনের ১২৯ নম্বর ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি বিপজ্জনক বা বেপরোয়া কার্যের দ্বারা অথবা অবহেলা করে কোনো যাত্রীর জীবন বিপন্ন করে, তবে ওই ব্যক্তি এক বছর পর্যন্ত কারাদন্ড অথবা জরিমানা কিংবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।
ছাদে ভ্রমণ না করতে অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেনের ছাদে ভ্রমণ ঝুঁকিপূর্ণ, অনিরাপদ এবং দন্ডনীয় অপরাধ। ছাদে ভ্রমণের কারণে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। এর ফলে ভ্রমণকারীর মৃত্যু পর্যন্ত হতে পারে।
ছাদে ভ্রমণের কারণে ট্রেন চলাচলে বিলম্বিত হয়ে স্বাচ্ছন্দ্য বিঘ্নিত হয় এবং সরকারি মূল্যবান সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।
এমবি





