সাভারের সাদাপুর এলাকায় মো. মান্নান হাওলাদার নামে এক গ্রাম সরকার সদস্যের ওপর হামলা চালিয়েছে অস্ত্রধারী সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা প্রথমে মান্নানকে গাড়ি চাপা দিয়ে হত্যায় ব্যর্থ হয়ে শর্টগান দিয়ে গুলি চালানোর চেষ্টা করে।

বুধবার রাত সাড়ে ৭টার দিকে সাভারের সাদাপুর এলাকার বেকারী মোড়ে ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

মান্নান হাওলাদার জানান, নামাজ পড়ে বাসায় ফেরার পথে আগে থেকেই ওঁৎ পেতে থাকা স্থানীয় সন্ত্রাসী মৃত আবেদ খানের ছেলে নজরুল ইসলাম ১০-১২ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে তার ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা প্রথমে তাকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করলে তিনি লাফ দিয়ে গর্তে পড়ে যান।

পড়ে সন্ত্রাসী রুহুল আমিন (৩৫), হযরত আলী (৩২) ও জুম্মনসহ (২৯) কয়েকজন বহিরাগত গাড়ি থেকে নেমে তার কপালে শর্টগান ঠেকিয়ে গুলি করার চেষ্টা করে।

এ সময় স্থানীয় লাবু মিয়া সন্ত্রাসীদের বাধা দিলে সন্ত্রাসীরা পরবর্তীতে দেখে নেওয়ার হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে চলে যায়।

স্থানীয় আব্দুল বাতেন অভিযোগ করেন, তাদের পৈত্রিক সম্পত্তি দলখ করে চার কোটি টাকা চাঁদা দাবি করে নজরুল বাহিনী। টাকা দিতে না পারায় তাদের পুকুরের সব মাছ ধরে নিয়ে যায় এবং তাকেসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করে রাখে।

এছাড়া সরকারি দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়াগায় সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নজরুলকে যুবলীগ থেকে বহিস্কার করা হয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত নজরুলের বড় ভাই লাবু মিয়া জানান, এ রকম কোনো ঘটনা ঘটেনি। সামান্য কথা কাটাকাটি হয়েছে।

এদিকে সন্ত্রাসী হামলার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশসহ গোয়েন্দা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদুল হক সন্ত্রাসী হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় ভোক্তভোগীদের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমকে