প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করতে লঞ্চের টিকিট সংগ্রহের জন্য সদরঘাট লঞ্চ টার্মিনালে ভীর করছেন দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। তবে লঞ্চগুলোর বুকিং কাউন্টার থেকে বলা হচ্ছে- লঞ্চের সব কেবিন বুকিং হয়ে গেছে।
অভিযোগ উঠেছে, কাউন্টারে টিকিট না পাওয়া গেলেও লঞ্চের স্টাফদেরকে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুন বা তিনগুন টাকা দিলেই মিলছে কেবিনের টিকিট।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ২৬ জুলাই থেকে ঈদের বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হবে। চলবে ২৮ জুলাই পর্যন্ত। অপরদিকে ঈদের পর ২ থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশেষ সার্ভিস বহাল থাকবে।
নির্ধারিত তারিখের আগেই শেষ হয়ে গেছে ঢাকা-বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ভান্ডারিয়া রুটের লঞ্চের ঈদ স্পেশাল সার্ভিসের ২০ হাজার কেবিনের টিকিট।
যাত্রীরা লঞ্চের কাউন্টারে কাউন্টারে ঘুরেও কোনো টিকিট পাচ্ছেন না। লঞ্চবুকিং অফিস থেকে বলা হচ্ছে- আগামী ২৮ জুলাই পর্যন্ত কোনো টিকিট নেই। তবে তবে নির্ধারিত ভাড়ার চেয়ে দ্বিগুন-তিনগুন টাকা দিলেই মিলছে কেবিনের টিকিট ।
এবিষয়ে ব্যবসায়ী আবুল কাশেম বলেন, তিন দিন ধরে সদরঘাটে আসি-যাই, তবু কেবিনের টিকিট বুকিং দিতে পারছি না। কী যে হবে বুঝতে পারছি না।এমন অরাজকতা সহ্য করা যায় না।
এ বিষয়ে কথা হয় ব্যাংক কর্মকর্তা আহমদ বীন আজিজের সাথে। তিনি বলেন, লঞ্চের লোকজনই বলছে, কেবিনের বুকিং শেষ। পরে লঞ্চের এক স্টাফকেনির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্তিটাকা দিলেই সে আগামী ২৮ জুনের একটি কেবিনের টিকিট সংগ্রহ করে দিয়েছে।
এ বিষয়ে এমভি টিপু-৭ এর বুকিং ম্যানেজার মিরাজুল ইসলাম জানান, ২৮ জুলাই পর্যন্ত তাদের টিকিট শেষ হয়ে গেছে। এখন কোন টিকিট নেই। অতিরিক্ত কিংবা ব্লাকে কোন টিকিট বিক্রি হয়না বলে জানান তিনি।
এ বিষয়ে এমভি সুন্দরবনেরবুকিং অফিসের সহকারী মোঃ শাকিল জানান, ঢাকা থেকে আসার জন্য আগামী ২৪ জুলাই থেকে ঈদের আগ পর্যন্ত তাদের সব টিকিট বুকিং হয়ে গেছে।
এমভি সুরভীর-৭ বুকিং ম্যানেজার মোঃ পলাশ জানান, ২৮ জুলাই ছাড়া ঢাকা থেকে কোনো সার্ভিসের টিকিট নেই।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযাত্রী পরিবহন সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দীন আহম্মেদ বীরবিক্রম বলেন, এরই মধ্যে প্রায় সব লঞ্চের কেবিনের আগাম টিকিট বিক্রি হয়ে গেছে। তবে এসব বুকিং অনেকটা তদবিরেই দেয়া হয়ে থাকে। কারণ লঞ্চে কেবিনের সংখ্যা খুবই নগণ্য।
তিনি বলেন, কেবিনের টিকিট কালোবাজারি কিংবা অতিরিক্ত দামে বিক্রিরসুযোগ নেই। কেউ ধরিয়ে দিতে পারলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা, এএম, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





