কড়া নিরাপত্তা বেষ্টনিতে কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ড উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নে নির্বাচন কমিশন পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করেছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মেছবাহ উদ্দীন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য মতে, দু’কেন্দ্রের ভোটগ্রহণের জন্য ১৬ জন পুলিশ সদস্য, ১৪ জন আনসার সদস্য, ২০ জনের একদল র্যাব নিযুক্ত করা হয়েছে। তাদের নির্দেশনায় ৩ জন নিবার্হী ম্যাজিস্ট্রেট ও একজন সহকারী পুলিশ সুপার দায়িত্ব পালন করবেন। নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে রয়েছেন সোহাগ চন্দ্র সাহা, উপমা ফারিসা ও ইমরুল কায়েস।
কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ প্রার্থী। তারা হলেন- চার বারের পৌর কমিশনার সদ্য প্রয়াত আবু তাহেরের ছেলে ও অকাল প্রয়াত কাউন্সিলর সাইফুদ্দীন খালেদের ছোটভাই কফিল উদ্দীন, সাবেক কমিশনার জসীম উদ্দীন ও আওয়ামী লীগ নেতা জাবেদ মো. কায়সার নোবেল। মোট ভোটার হচ্ছেন ৫৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩১৪৩ জন ও নারী ভোটার ২৪৮৬জন। ভোটগ্রহণ করা হবে দুইটি কেন্দ্রে। বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌর প্রিপ্র্যাটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট নেয়া হবে। ওই দু’টি কেন্দ্রে বুথ থাকবে ১৭টি।
জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, আমাদের প্রত্যাশা যেকোনো ভাবেই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করা। এই জন্য সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু ভোটারসহ অন্যান্য সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা বিশেষভাবে কামনা করছি।
উল্লেখ্য, কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ দায়িত্ব গ্রহণের পর মাত্র এক বছর ৫ মাসের মাথায় গত বছরের ১৭ ডিসেম্বর মারা যান। তার মৃত্যুতে কাউন্সিলর পদটি শূন্য হয়ে যায়। পদটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ।
এআর





