ভোলায় শিশু ধর্ষণের মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল।
এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আ ক ম জহুরুল আলম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের ফারুক গাজীর ছেলে ইব্রাহিম, আজাদ সিকদারের ছেলে আরিফ, কবির জমাদারের ছেলে শাহিন ও সোবাহান জমাদারের ছেলে ফুয়াদ।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২০ অক্টোবর চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের বখাটে ফারুক, আরিফ, শাহিন ও ফুয়াদ একই এলাকার ৬ বছরের এক শিশুকে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে লোকজন ছুটে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলা করেন।
সাক্ষগ্রহণ শেষে মঙ্গলবার আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। তবে আসামিরা সবাই পলাতক রয়েছেন।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন ভোলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু।
কেএইচ





