পাবনার ঈশ্বরদী থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সুজাউল হত্যা মামলার প্রধান আসামি রুবেল হোসেন (২৫) পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন।
বুধবার ভোররাত পৌনে ৩টার দিকে উপজেলার পাকশি হার্ডিঞ্জ ব্রিজ এলাকার পদ্মার চরে এ ঘটনা ঘটে। নিহত রুবেল ঈশ্বরদী উপজেলার দিয়ারবাঘইল গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী রিভলবারসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানান ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস।
তিনি বলেন, রুবেলকে মঙ্গলবার রাত ১১টার দিকে দিয়ারবাঘইল রেলগেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তার আরেক সহযোগী ইন্দ্রার কাছ থেকে অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ রুবেলকে নিয়ে অভিযানে বের হয়। পরে তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালালে শুরু হয় বন্দুকযুদ্ধ। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রুবেল হোসেন নিহত হন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ একটি বিদেশী রিভলবারসহ দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।
উল্লেখ্য ২০১৫ সালের ৪ অক্টোবর রাতে সুজাউলকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে।
এ মামলায় আরো ছয়জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা জেলহাজতে রয়েছেন।
এসএম





