দুই দেশের মধ্যে কর্মী পাঠানো নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সঙ্গে সাক্ষাৎ করেছে কাতারের একটি প্রতিনিধিদল ।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার প্রবাসীকল্যাণ ভবনে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে কর্মী পাঠানো এবং যৌথ কমিটির সভার বিষয়ে আলোচনা হয়।
মন্ত্রী পর্যায়ের ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী যৌথ কমিটির (৪র্থ) সভাটি আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে হয়।
কাতারের পাঁচ সদসের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত, পাসপোর্ট ও প্রবাসী বিষয়ক দফতরের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ আহমেদ এম আল আতিক আল দোসারি। বাংলাদেশের নয় সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার।
সাক্ষাতকালে নুরুল ইসলাম বিএসসি কাতারের প্রশাসনিক উন্নয়ন ও শ্রম সমাজ বিষয়ক মন্ত্রী ড. ইসা সাদ আল-জাফালী আল-নুয়াইমি এবং প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খলিফা আল থানিকে গত ৩ ও ৪ ফেব্রুয়ারি কাতারে অনুষ্ঠিত সফল দ্বিপাক্ষিক বৈঠক এবং তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান।
যৌথ কমিটির সভায় কাতারে সেবিকা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, তথ্যপ্রযুক্তিকর্মী ও বিক্রয়কর্মীসহ সব খাতে কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সব সেক্টরে দক্ষ নারী কর্মী এবং গৃহকর্মী নেওয়ার ব্যাপারে এবং তাদের সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
কাতার সরকার গৃহকর্মীদের বেতন মাসিক ৯০০ রিয়াল থেকে বাড়িয়ে কমপক্ষে ১ হাজার ২০০ রিয়াল করতে সম্মত হয়। কাতারে বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা, সুযোগ-সুবিধা বৃদ্ধি, দেশে যোগাযোগ এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়েও উভয়পক্ষ সম্মত হয়। কর্মী অভিবাসন বৃদ্ধি এবং সহজীকরণ নিশ্চিত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি হটলাইন চালুর বিষয়েও আলোচনা হয়।
উল্লেখ্য যে, ২০২২ সালে কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ এবং কাতারের জাতীয় উন্নয়ন পরিকল্পনা ভিশন ২০৩০ এর বিভিন্ন উন্নয়নমূলক কাজে বাংলাদেশ থেকে অধিক কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটির সরকার।
এমআইএস।





