দিনাজপুরের বিরল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫টি বাড়ি পুড়ে গেছে। এতে গৃহহীন হয়ে পড়েছে প্রায় দুই শতাধিক মানুষ। শুক্রবার দিনগত রাত ৮টার দিকে উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের রুদ্রপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরাজুল ইসলাম জানান, শুক্রবার রাতে রুদ্রপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৪৫টি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। দুই শতাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
তবে ঠিক কার বাড়ি থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, গ্রামের সুশেন চন্দ্র রায়ের বাড়ির রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং বোঁচাগঞ্জ উপজেলা থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই ৪১টি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।
দিনাজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. রফিকুজ্জামান আরটিভি অনলাইনকে জানান, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসলেও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
এদিকে গৃহহীন পরিবারগুলো সরকারিভাবে এখনো কোনো সাহায্য পায়নি। তবে স্থানীয় প্রতিবেশীরা তাদের সাহায্য-সহযোগিতা করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানিয়েছে, সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা না হলে বেঁচে থাকার কোনো উপায় থাকবে না।
জেড





