কুয়াকাটা পৌরসভা সংলগ্ন লতাচাপলী ইউনিয়নে লোপাট হওয়া ভিজিএফ’র ২০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবু ছাইদ ফকিরকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
মহিপুর থানা পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে আলীপুর বাজারের থ্রী পয়েন্টের একটি ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।
ফ্লোরে ঢেলে রাখা এসব চাল বস্তায় ভরে জব্দ দেখিয়ে মহিপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলম হাওলাদার বাদী হয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবু ছাইদ ফকিরের বিরুদ্ধে সরকারী চাল আত্মসাতের অভিযোগে এ মামলাটি দায়ের করেন। এ ছাড়াও প্রতিবছর এরকমের সরকারি চাল গম আতœসাতের অভিযোগ রয়েছে।
এদিকে চাল আত্মসাতের অভিযোগ এনে স্থানীয় জনসাধারণ আলীপুর বাজারে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেছে।
অভিযুক্ত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবু ছাইদ ফকির বলেন, ‘চাল ইউনিয়ন পরিষদে আনার ক্ষেত্রে যেসকল শ্রমিকরা কাজ করেছে তাদের ৫০ জনের নামে এ চাল দেয়া হয়েছে। তারা মওজুদ করতে পারে, এটি আমার জানা নেই।’
মহিপুর থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সরকারী চাল মওজুদ করার প্রমান সাপেক্ষ উদ্ধার করে থানায় জব্দ রাখা হয়েছে। দায়েরকৃত মামলাটি দুদকের কাছে পাঠানো হচ্ছে, তারা এটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন।’
এমই





