মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হচ্ছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, সাংসদ তারানা হালিম (ডাক ও টেলিযোগাযোগ), চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি (প্রবাসী কল্যাণ) ও নুরুজ্জামান আহমেদ।
বঙ্গভবনে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নতুন মন্ত্রিরা শপথ নিচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা।
তিনি বলেন, মন্ত্রিসভার রদবদল হচ্ছে। সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে মন্ত্রিদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল হচ্ছে না বলেও জানান তিনি।
মন্ত্রীদের বরণ করতে প্রস্তুত মন্ত্রিপরিষদ বিভাগ। ইতিমধ্যে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে তাদের আনার জন্য গাড়ি অপেক্ষমান রাখা হয়েছে। এ পর্যন্ত ৫টি গাড়ি দেখা গেছে। শপথ অনুষ্ঠানের আগে এসব গাড়ি বঙ্গভবনে পৌঁছাবে।
গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুজনকে আজ ঢাকায় থাকার জন্য টেলিফোনে অনুরোধ করা হয়েছে। এরা হলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি ও সাংসদ তারানা হালিম।
মন্ত্রিসভা পরিবর্তন-পরিবর্ধনের দায়িত্ব সম্পূর্ণই প্রধানমন্ত্রীর এখতিয়ার। তাই মন্ত্রিসভা সম্প্রসারণের ব্যাপারে দায়িত্বশীল কেউ মুখ খুলেননি।
বর্তমান মন্ত্রিসভায় ডাক ও টেলিযোগাযোগ, স্বরাষ্ট্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে মন্ত্রী নেই। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব পাওয়া খন্দকার মোশাররফ হোসেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বে রয়েছেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ওই বছরের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেয়। তখন অধিকাংশ পুরোনো মন্ত্রীকে বাদ দিয়ে অপেক্ষাকৃত নতুন ও আগের সরকারের সময় দলের বাদ পড়া জ্যেষ্ঠ নেতাদের নিয়ে সরকার গঠন করা হয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী আরেক দফা তার মন্ত্রিসভা সম্প্রসারণ করেন। সে সময় এ এইচ মাহমুদ আলীকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নজরুল ইসলামকে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
হজ নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গত বছরের ১২ অক্টোবর আবদুল লতিফ সিদ্দিকী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে অপসারিত হন। সর্বশেষ গত বৃহস্পতিবার সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন করা হয়।
প্রসঙ্গত, বর্তমান মন্ত্রিসভায় ২৯ জন মন্ত্রী, মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর একজন বিশেষ দূত ও পাঁচজন উপদেষ্টা, ১৮ জন প্রতিমন্ত্রী এবং দুজন উপমন্ত্রী রয়েছেন।
ইআর





