নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি পরিত্যক্ত টয়লেট থেকে তাজুল ইসলাম তাজু (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে সাখওয়াত উল্যা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুর ২টায় উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজীনগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাজুল ইসলাম উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজীনগর গ্রামের কবির হোসেনের ছেলে।
এলাকাবাসী জানান, শনিবার দুপুরে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের কাজীনগর গ্রামের সৈয়দ উদ্দিনের বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটের ভেতরে তাজুকে মৃত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এক বছর আগে ইউনিয়নের কাজীনগর গ্রামের সৈয়দ উদ্দিনের বাড়ির কবির হোসেনের মেয়ে ও তাজুর বোন তাসলিমা আক্তারের সঙ্গে তার জ্যাঠাতো ভাই এবং সাখওয়াত উল্যার ছেলে হারুনের সঙ্গে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই বিভিন্ন সময় ২ পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





